কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, যা সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার পাকিস্তানি সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল (এলওসি) অতিক্রম করে গুলি চালালে ভারতীয় সেনারা পাল্টা প্রতিক্রিয়া জানায়।
ভারতীয় সেনাবাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় সেখানে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর জবাবে ভারতীয় সেনারা সুশৃঙ্খলভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ, এবং ভারতীয় সেনারা নিবিড়ভাবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এনডিটিভি আরও জানিয়েছে, সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের এই ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ। ভারতীয় সেনাবাহিনী দুই দেশের সামরিক বাহিনীর মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে হওয়া পূর্বের সমঝোতার ভিত্তিতে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
২০২১ সালে ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের মধ্যে হওয়া বৈঠকে নিয়ন্ত্রণ রেখায় সব চুক্তি, সমঝোতা এবং যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি সেই সমঝোতা চুক্তির ওপর নতুন করে প্রশ্ন তুলছে।
অন্যদিকে, কাশ্মির সীমান্তে এই উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনী বা দেশটির সংবাদমাধ্যমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।