২০ ম্যাচ অপরাজিত বার্সাকে কি থামাতে পারবে আতলেতিকো

নিয়তির খেয়ালে যেন নতুন করে জ্বলে উঠেছে বার্সেলোনা! ২০২৫ সালে এখনও অপরাজিত কাতালানরা। টানা ২০ ম্যাচের অপরাজিত রেকর্ড নিয়ে হান্সি ফ্লিকের শিষ্যরা ছুটছে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ—তিন শিরোপার সন্ধানে।

আজ রাতেই তাদের সামনে কঠিন পরীক্ষা। কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠে নামবে ব্লাউগ্রানারা। প্রথম লেগে ন্যু ক্যাম্পে রোমাঞ্চকর লড়াই শেষে ৪-৪ গোলে সমতা থাকায় ফাইনালে ওঠার সমীকরণ আজ নতুন করে শুরু হবে।

বার্সা কোচ হান্সি ফ্লিক জানেন, ভালো খেলা যথেষ্ট নয়—শিরোপাই নির্ধারণ করবে তাদের মরসুমের সাফল্য। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা সবকিছু উজাড় করে দেব। দল যেভাবে এগোচ্ছে, তাতে আমি গর্বিত। তবে দিনশেষে ফলাফলই গুরুত্বপূর্ণ।'

লা লিগায় বার্সেলোনা ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৩ পয়েন্ট পেছনে, আর আতলেতিকো মাদ্রিদ ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

ডিয়েগো সিমিওনের দল সম্প্রতি ছন্দহীন। শেষ তিন লিগ ম্যাচে জয়হীন থাকার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদের কাছে পেনাল্টি শুটআউটে হেরে। এই অবস্থায় কোপা দেল রেই-ই তাদের শিরোপা জয়ের সবচেয়ে বাস্তব সম্ভাবনা। সিমিওনে জানেন, আজকের ম্যাচ তাদের জন্য ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ।

আতলেতিকো রক্ষণভাগ আরও শক্তিশালী করতে অভিজ্ঞ সিজার আজপিলিকুয়েতাকে ডানদিকে খেলাতে পারেন। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোরেয়া।

আতলেতিকো মাদ্রিদের সম্ভাব্য একাদশ (৪-৪-২):

হুয়ান মুসো (গোলরক্ষক) – সিজার আজপিলিকুয়েতা, হোসে মারিয়া জিমেনেজ, ক্লেমোঁ লংলে, রেইনিলদো – মার্কোস ইয়োরেন্তে, রদ্রিগো দে পল, পাবলো বারিওস, জুলিয়ানো সিমিওনে – আঁতোয়ান গ্রিজমান, হুলিয়ান আলভারেজ।

বার্সেলোনার দলে চোটের কারণে নেই আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, দানি ওলমো, মার্ক কাসাদো ও মার্ক আন্দ্রে টের স্টেগেন। তবে রাফিনিয়া ও পাউ কুবারসি ফিরে আসছেন, যা দলকে বাড়তি শক্তি দেবে।

বার্সেলোনার সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):

ভোয়েচেক শেজনি (গোলরক্ষক) – জুলস কুন্দে, পাউ কুবারসি, ইন্যিগো মার্তিনেস, আলেহান্দ্রো বালদে – ফ্রেঙ্কি ডি ইয়ং, পেদ্রি – লামিন ইয়ামাল, গাভি, রাফিনিয়া – রবার্ট লেভানদোফস্কি।

বার্সেলোনা কি ধরে রাখতে পারবে তাদের দুর্দান্ত ফর্ম? নাকি আতলেতিকো থামিয়ে দেবে তাদের জয়রথ? উত্তরের জন্য অপেক্ষা আজ রাতের মহারণের!