ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্বল আক্রমণভাগ নিয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করলেন দলটির কোচ রুবেন আমোরিম। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হারার পর ইউনাইটেড কোচ স্বীকার করেছেন যে, দলকে দ্রুতই সঠিক পথে ফেরাতে হবে, নইলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।
প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়নস লিগের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে নটিংহ্যাম ফরেস্ট। অন্যদিকে, ১৩তম স্থানে থাকা ইউনাইটেড এখনো লিগে টানা দুই ম্যাচ জিততে পারেনি।
প্রথমার্ধে দিওগো দালোতের হেড বারপোস্টে লেগে ফিরে আসে। শেষ দিকে হ্যারি ম্যাগুয়ারকে স্ট্রাইকার হিসেবে নামিয়েও গোলের দেখা পায়নি ইউনাইটেড। বদলি হিসেবে নামার পরও রাসমুস হইলুন্ড কিংবা ১০০ মিলিয়নের বেশি খরচে দলে আসা জোশুয়া জির্কজি—কেউই ফরেস্ট রক্ষণে ভীতি ছড়াতে পারেননি।
আমোরিম বলেন, 'শেষ মুহূর্তে প্রতিপক্ষ যখন ছয়জনের রক্ষণ দেয়াল তৈরি করে রাখে, তখন আমাদের বল বক্সে প্রবেশ করাতে হয়। সেট-পিসে আক্রমণের সময় হ্যারি ম্যাগুয়ার আমাদের সেরা খেলোয়াড়দের একজন। বক্সের মধ্যে সে তখন ডিফেন্ডার নয়, বরং একজন স্ট্রাইকার। তাই তাকে নামানোর মূল উদ্দেশ্যই ছিল গোল আদায় করা।'
ম্যাগুয়ারই যখন দলের সেরা সুযোগ তৈরি করেছেন, তখন বিষয়টি কি উদ্বেগজনক নয়? এমন প্রশ্নে আমোরিম বলেন, 'এটা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। নটিংহ্যাম ফরেস্ট যখন নিচু ব্লকে খেলছিল, তখন শারীরিক সামর্থ্যের ওপর নির্ভর করতে হয়েছে। অনেক সময় ডিফেন্ডাররাই বক্সের মধ্যে সবচেয়ে কার্যকর হয়ে ওঠে। আর হ্যারি সেট-পিসে সত্যিই দুর্দান্ত।'
ইউনাইটেড একাডেমিতে ৯ বছর কাটানো অ্যান্থনি এলাঙ্গা পঞ্চম মিনিটেই একক প্রচেষ্টায় ৮৫ মিটার বল টেনে নিয়ে ফরেস্টের জয়সূচক গোলটি করেন। প্রাক্তন ক্লাবের বিপক্ষে গোল করে যেন নিজের সামর্থ্যের কথাই নতুন করে জানান দিলেন তিনি।
আমোরিম এলাঙ্গার প্রসঙ্গে বলেন, 'তরুণদের উন্নতির জন্য সময় প্রয়োজন, কিন্তু সবসময় সেই সময় দেওয়া সম্ভব হয় না। আমিও তেমন সময় পাব না। আমাদের খুব দ্রুত সবকিছু ঠিকঠাক করতে হবে।'
ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়ছে। আক্রমণভাগের ব্যর্থতা, রক্ষণভাগের অসংগঠিত পারফরম্যান্স—সব মিলিয়ে চাপ বাড়ছে রুবেন আমোরিমের ওপর। এখন দেখার বিষয়, ইউনাইটেড কত দ্রুত এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে।
আইপিএলে ধোনির উপস্থিতিই বড় ব্যাপার : ক্রিস গেইল
স্ত্রীর সঙ্গে রোমান্টিক লুকে মেসি, ব্যাপারটা কী?