ব্রাজিলের নতুন কোচের তালিকায় পেলেরিনি, ভাবনায় আনচেলোত্তিও

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ৪-১ গোলের শোচনীয় পরাজয়ের পর থেকেই সংকটে ব্রাজিল। এই হারে শুধু পয়েন্ট টেবিলেই পিছিয়ে পড়েনি তারা, বরং দিশেহারা অবস্থায় পড়েছে ফুটবলের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ধাক্কাতেই দায়িত্ব হারিয়েছেন কোচ দোরিভাল জুনিয়র।

এখন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নতুন কোচের সন্ধানে, আর সেই তালিকায় উঠে এসেছে চিলিয়ান কোচ মানুয়েল পেলেরিনির নাম। বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের দায়িত্বে থাকা ৭১ বছর বয়সী এই অভিজ্ঞ কোচের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ হয়েছে বলে দাবি করেছে চিলির সংবাদমাধ্যম লা তেরসেরা।

পেলেরিনি অবশ্য ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী নন। সিবিএফের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি। তবে তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ের মিশনে আছেন। ফলে তার ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা এখনই খুব বেশি নয়।

এছাড়া আলোচনায় আছেন আরও তিন জন—সৌদি আরবের আল-হিলালের কোচ পর্তুগিজ হোর্হে জেসুস, ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা এবং ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার ফিলিপে লুইস, যিনি বর্তমানে ফ্লামেঙ্গোর দায়িত্বে আছেন।

পেলেরিনি এর আগে ২০১৪ সালেও ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন, তখন তিনি ম্যানচেস্টার সিটির কোচ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা আর এগোয়নি। এবারও এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। তবে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষের আগ্রহ রয়েছে বলে জানিয়েছে বেতিসের একটি সূত্র।

পেলেরিনির বর্তমান ক্লাব রিয়াল বেতিসও এই মৌসুমে দারুণ ফর্মে আছে। লা লিগায় তারা টানা ছয় ম্যাচ জিতেছে, যা তাদের ষষ্ঠ স্থানে তুলে এনেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়ার দৌড়ে রেখেছে। এছাড়া কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে দলটি।

চিলির হয়ে জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নও পুষে রেখেছেন পেলেরিনি, তবে সেটা তখনই করবেন যখন যথাযথ পরিকল্পনা থাকবে। কয়েক বছর আগে তিনি বলেছিলেন, 'আমি অবশ্যই চিলির কোচ হতে চাই, কারণ ওটাই আমার দেশ। তবে আমি শুধু নামের জোরে বিশ্বকাপে নিতে পারব না, দরকার হবে একটা দৃঢ় পরিকল্পনার।'

এখন দেখার বিষয়, ব্রাজিল শেষ পর্যন্ত কাকে বেছে নেয় তাদের ফুটবল পুনরুজ্জীবনের দায়িত্ব দিতে। পেলেরিনি কি নতুন চ্যালেঞ্জ নেবেন, নাকি আনচেলোত্তি বা অন্য কেউ দায়িত্ব নেবেন, তা সময়ই বলে দেবে।