মধুমতি নদীতে নিখোঁজ, সাড়ে ৪ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার

গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে কলেজছাত্র আ. করিম মুন্সি (২২) নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সদর উপজেলার সুলতালশাহী গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে এবং ঢাকার মিরপুরের ঢাকা মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসে মঙ্গলবার বেলা দেড়টার দিকে তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে ৪ বন্ধু জাল দিয়ে মাছ ধরতে যান। এক পর্যায়ে জালে জড়িয়ে গিয়ে করিম মুন্সী নদীতে পড়ে পানিতে তলিয়ে যান।

গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানান, প্রথমে এলাকাবাসী পরে মাদরীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালায়। নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।