এক সপ্তাহে আর্সেনালের চার ডিফেন্ডারের ইনজুরি

আর্সেনালের জন্য দিনটি একদিকে যেমন আনন্দের, অন্যদিকে তেমনি দুশ্চিন্তার। ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলের জয়ে দারুণ প্রত্যাবর্তন করেছেন বুকায়ো সাকা, কিন্তু ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার মুখে ছিল হতাশার ছাপ। কারণ, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং জুরিয়েন টিম্বার চোট পেয়ে মাঠ ছাড়েন।

ম্যাচের ৭৩তম মিনিটে গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন সাকা। ২১ ডিসেম্বর হ্যামস্ট্রিং ইনজুরির পর এটাই ছিল তার প্রথম ম্যাচ। গোল করেই ছুটে যান পারফরম্যান্স কোচ স্যাম উইলসনের কাছে, যিনি তার পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন ইনজুরি সমস্যায় পড়েছে আর্সেনাল। গ্যাব্রিয়েল হ্যামস্ট্রিংয়ে টান পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, আর টিম্বার হাঁটুর ব্যথার কারণে ম্যাচ শেষ করতে পারেননি। এর আগে ইতালির হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে রিকার্দো কালাফিওরি হাঁটুর চোটে পড়েছেন। একই সমস্যা ভুগছেন বেন হোয়াইটও।

'সাকার জন্য এটা দারুণ মুহূর্ত ছিল। দেখুন, গোল করেই সে কাকে খুঁজেছে! দলের সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাতে ছুটে গেছে। সে আমাদের গর্বিত করেছে। তবে হতাশার দিক হলো গ্যাবি ও জুরিয়েনের ইনজুরি। আমরা তাদের অবস্থা কাল পরীক্ষা করব। এই দুই খেলোয়াড় কখনোই মাঠ ছাড়তে চায় না। গ্যাবি হ্যামস্ট্রিংয়ে কিছু অনুভব করেছে, জুরিয়েন শুরু থেকেই ভুগছিল। পরে আর চালিয়ে যেতে পারেনি,' বলেছেন আর্তেতা।

ইনজুরির তালিকা নিয়ে তিনি আরও বলেন, 'এক সপ্তাহে চার ডিফেন্ডার ইনজুরিতে পড়েছে—কালাফিওরি, বেন হোয়াইট, টিম্বার ও গ্যাব্রিয়েল মাগালহায়েস। ভাবুন আমার অবস্থা! তবে আমাদের দলে এখনও চারজন আছেন, যারা নিজেদের উজাড় করে দেবে।'

আর্তেতার মতে, ইনজুরির কারণে এ মৌসুমটি তাদের জন্য সবচেয়ে কঠিন। 'এটা পুরো মৌসুম জুড়েই চলছে। গ্যাব্রিয়েল মার্তিনেলি তিন মাস বাইরে ছিল, বুকায়ো ও হাভার্টজ চার মাস ছিল না, গ্যাবি জেসুস প্রায় পুরো মৌসুমই বাইরে। আমরা জানি, এটা সহজ নয়, কিন্তু আমরা পুরো শক্তি নিয়ে এগিয়ে যাব। সামনে বিশাল এক সপ্তাহ অপেক্ষা করছে।'