জাতীয় দলের দ্বৈরথ এবার কি ক্লাব ফুটবলেও ছায়া ফেলবে? ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের উত্তেজনার পর এবার বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া মাঠে নামছেন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে, যাদের মূল শক্তির বড় অংশ জুড়েই আছেন আর্জেন্টাইন ফুটবলাররা।
আগামীকাল দিবাগত রাত দেড়টায় কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগে দুই দল খেলেছিল রুদ্ধশ্বাস এক ম্যাচ, যেখানে গোল হয়েছে ৮টি! ৪-৪ সমতায় শেষ হওয়া সেই ম্যাচের পর এখন দ্বিতীয় লেগই নির্ধারণ করবে কারা যাবে ফাইনালে।
আতলেতিকো মাদ্রিদকে ‘দ্বিতীয় আর্জেন্টিনা’ বললে ভুল হবে না। স্প্যানিশ এই ক্লাবটিতে একঝাঁক আর্জেন্টাইন তারকা নিয়মিত খেলেন। ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলা আর্জেন্টিনা দলের পাঁচজনই আতলেতিকোর নিয়মিত মুখ—নাহুয়েল মোলিনা, রদ্রিগো ডি পল, জিউলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া ও জুলিয়ান আলভারেজ। ফলে জাতীয় দলের উত্তপ্ত লড়াইয়ের রেশ ক্লাব ফুটবলেও কিছুটা অবশিষ্ট থাকলে অবাক হওয়ার কিছু নেই।
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে হারানোর হুমকি দিয়ে রাফিনিয়া যে সমালোচনার মুখে পড়েছিলেন, সেটি তখন কেবল কথার লড়াই ছিল না। মারাকানায় ম্যাচের আগেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যার কেন্দ্রে ছিলেন রাফিনিয়া। সেই স্মৃতি ভুলতে না ভুলতেই এবার তিনি মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার একঝাঁক তারকার, তবে ভিন্ন জার্সিতে!
মার্চ উইন্ডোর আন্তর্জাতিক ব্যস্ততার পর অ্যাতলেটিকো এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছে, যেখানে এস্পানিওলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। সেই ম্যাচে খেলেছেন ডি পল, আলভারেজ, মোলিনা ও সিমিওনে। অন্যদিকে, বার্সেলোনা খেলেছে দুটি ম্যাচ, যদিও কোচ হ্যান্সি ফ্লিক সেখানে বিশ্রাম দিয়েছেন রাফিনিয়াকে। তবে আতলেতিকো বিপক্ষে সেমিফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি যে খেলবেন, সেটি নিশ্চিত করেছেন ফ্লিক। অনুশীলনেও ব্রাজিলিয়ান তারকাকে বেশ মনোযোগী দেখা গেছে।
কোপা দেল রেতে আতলেতিকোর বিপক্ষে বার্সার সর্বশেষ ম্যাচটি হয়েছিল অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে। এবার ফিরতি লেগ হবে আতলেতিকোর ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে। দুই দলের ফাইনালে ওঠার এই লড়াই নিঃসন্দেহে হতে যাচ্ছে আরও এক রুদ্ধশ্বাস দ্বৈরথ!
অ্যানফিল্ডে কি ইতিহাস গড়তে পারবে এভারটন
পাকিস্তানে ব্যাটারদের কাছে যে প্রত্যাশা জ্যোতির