রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ওভারেই ক্যাচ ফেলেছিলেন জস বাটলার। মোহাম্মদ সিরাজের করা পঞ্চম বলটি ডাউন দ্য উইকেটে এসে মারতে চেয়েছিলেন ফিল সল্ট। বল তার ব্যাটের কানায় লেগে বাটলারের কাছে গেলেও তিনি গ্লাভসবন্দি করতে পারেননি। সেই বাটলারই পরে ব্যাট হাতে খেলেন ম্যাচ জেতানো ইনিংস। খেলা শেষে জানান, ক্যাচ মিস করে তিনি ভীষণ বিব্রত হয়েছিলেন।
বুধবার রাতে বেঙ্গালুরুকে ১৬৯ রানে আটকে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। ৩৯ বলে ৫ চার ৬ ছক্কায় অপরাজিত ৭৩ রানের ইনিংস উপহার দেন বাটলার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘বোলাররা দুর্দান্ত করেছে। আমিসহ বাকিরা যদি আরও ভালো ফিল্ডিং করতে পারতাম, তাহলে হয়তো টার্গেট আরেকটু কম হতো। দল হিসেবে আমরা অনেক ভালো বোলিং করেছি, তবে ফিল্ডিং বাজে করেছি। তবে শেষ পর্যন্ত আমরা ভালোভাবেই জিতেছি এবং জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।’
ওই ক্যাচ ছাড়ার প্রসঙ্গ উঠতেই বাটলার হাসতে হাসতে বলেন, ‘আমি জানি না, সত্যি বলতে (কীভাবে ক্যাচ পড়ে গেল)। এটুকু বলতে পারি, বেশ বিব্রত লেগেছে। বিশেষ করে, সল্টি খুব বিপজ্জনক ব্যাটসম্যান। এমনও নয় যে, আগেভাগেই উদযাপনের জন্য হার্শেল গিবস স্টাইলে বল ছুড়ে মারতে চেয়েছিলাম (১৯৯৯ বিশ্বকাপে ছুড়ে মারতে গিয়েই স্টিভ ওয়াহকে জীবন দিয়েছিলেন গিবস)। আসলে গ্লাভসে বল নিতেই পারিনি, আমার বুকে এসে লেগেছে। তবে সেই বিব্রতকর ব্যাপারটির জন্যই রান করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’
আইপিএলের আগে এবার সময়টা খুব ভালো যাচ্ছিল না বাটলারের জন্য। জাতীয় নেতৃত্ব ছাড়তে হয়েছে। আইপিএলে এসে ক্রিকেটকে উপভোগ করছেন বলে জানালেন বাটলার, ‘অনেক স্বাধীনতা নিয়ে, প্রচুর তাড়না নিয়ে খেলতে চেয়েছি। কয়েক মাস ধরে বেশ ধরেই খুব আনন্দ নিয়ে ক্রিকেট খেলতে পারিনি। এখানে তাই নিশ্চিত করার চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে। আমাদের দল সব দিকই পরিপূর্ণ। নতুন দল, নতুন ফ্র্যাঞ্চাইজি, এখানে এসে আমি রোমাঞ্চিত।’