প্রতিপক্ষ কোচের নাক টিপে ফের বিতর্কে মরিনহো

‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহো ডাগ আউটে দাঁড়ালেই যেন একের পর এক বিতর্ক তৈরি হয়। নানারকম কাণ্ড করে সবসময় আলোচনায় থাকেন খ্যাতিমান এই কোচ। এবার ইস্তাম্বুল ডার্বিতে গালাতাসারাইয়ের কাছে ২–১ গোলে ফেনেরবাচের হেরে যাওয়ার পর তিনি মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কোচের নাক টিপে দেন!

গতকাল বুধবার রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে গালাতাসারাইয়ের মুখোমুখি হয়েছিল মরিনহোর দল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গালাতাসারাই কোচ ওকান বুরুকের পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে নাক চেপে ধরেছেন মরিনহো। যন্ত্রণায় বুরুক নাকে হাত দিয়ে মাটিতে পড়ে যান। উপস্থিত কয়েকজন মরিনহোকে শান্ত করেন।

পরে সংবাদ সম্মেলনে ঘটনার বর্ননা দিয়ে গালাতাসারাই কোচ বলেন, ‘আমি যখন যাচ্ছিলাম সে পেছন দিক থেকে আমার নাক চিপে দেয়। একটু দাগ পড়ে গেছে। অবশ্যই এটা ভালো কিছু নয়। আমি ফুলিয়ে–ফাঁপিয়ে কিছু বলব না, তবে এটা বুক ফুলিয়ে বলার মতো কিছু নয়।’

তবে এই ঘটনায় গালাতাসারাই সহসভাপতি মেতিন ওজতুর্ক কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ‘সর্বশেষ ঘটনাটি শুধু গালাতাসারাইয়ের কোচের ওপর আঘাতই নয়, এটা তুর্কি ফুটবলের ওপরই আঘাত। এটাই তো মরিনহো, আমি জানি না সে এত সাহস পায় কোথা থেকে। পৃথিবীর আর কোথায় সে এমনটা করতে পারবে? সে তুরস্ককে কী মনে করে?’