কুষ্টিয়ার খোকসায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আফজাল কাজী (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার এ ঘটনা ঘটে। আফজাল কাজী উপজেলার মৃত ঈমান আলী কবিরাজের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ৮ বছর বয়সী ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তার বাড়িতে ডেকে নিয়ে যায়। আনুমানিক রাত ৮টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আফজাল কাজী রওনা হয়। পথের মধ্যে রাস্তার পাশে নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করে। পরদিন বুধবার দুপুরে শিশুটি পেটের ব্যথায় অসুস্থ্ হয়ে পড়ে। এরপর ধর্ষণের ঘটনা জানাজানি হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে খোকসা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বৃদ্ধ আফজাল কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।