বোকা জুনিয়র্সের ১২০ বছর, গৌরবগাঁথা ইতিহাসের পাতা 

বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স আজ উদযাপন করছে ১২০ বছরের গৌরবময় যাত্রা। ১৯০৫ সালের ৩ এপ্রিল লা বোকা অঞ্চলে একদল তরুণের হাত ধরে যে ক্লাবটির যাত্রা শুরু হয়েছিল, কালের পরিক্রমায় তা রূপ নিয়েছে এক বিশ্বব্যাপী ফুটবল মহারণ্যে।

লা বোকার প্লাজা সোলিস ছিল সেই ঐতিহাসিক স্থান, যেখানে ক্লাব প্রতিষ্ঠার জন্য প্রথম আলোচনা শুরু করেন হুয়ান ও থিওডোরো ফারেঙ্গা, সান্তিয়াগো সানা, আলফ্রেদো স্কারপাটি ও এস্তেবান বাগলিয়েত্তো। প্রথম মিটিং হয়েছিল বাগলিয়েত্তোর বাড়িতে, তবে উপস্থিতির সংখ্যা বেশি হয়ে যাওয়ায় তা স্থানান্তরিত হয় ফারেঙ্গাদের বাসায়। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় বোকা জুনিয়র্স, আর ক্লাবের প্রথম সভাপতি নির্বাচিত হন সান্তিয়াগো সানা। 

ক্লাবের নাম নির্বাচনেও হয়েছিল দীর্ঘ আলোচনা। বিকল্প হিসেবে উঠে এসেছিল ‘হিন্দুস দে ইতালিয়া’ এবং ‘ডিফেন্ডার্স অব লা বোকা’ নাম দুটি। তবে শেষ পর্যন্ত ‘বোকা জুনিয়র্স’ নামটিই চূড়ান্ত হয়, যার শেষে ইংরেজি ‘জুনিয়র্স’ যুক্ত করা হয় আলাদা পরিচিতি গড়ে তোলার জন্য। 

প্রতিষ্ঠার মাত্র ১৮ দিন পর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে বোকা জুনিয়র্স। মারিয়ানো মোরেনোর বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে শুরু হয় ক্লাবের প্রতিযোগিতামূলক যাত্রা। তখন ক্লাবের জার্সি ছিল কালো ডোরা কাটা সাদা শার্ট, যা তৈরি করা হয়েছিল ফারেঙ্গা পরিবারের শোকের পোশাক থেকে। তবে এই ডিজাইন স্থায়ী হয়নি। 

১৯০৭ সালে ক্লাবের তৎকালীন সভাপতি হুয়ান রাফায়েল ব্রিচেত্তো নতুন জার্সির রঙ নির্ধারণের প্রস্তাব দেন। জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী, বুয়েনোস আইরেস বন্দরে ভিড়তে থাকা সুইডিশ জাহাজ ‘ড্রটনিং সোফিয়া’র পতাকা দেখে অনুপ্রাণিত হয়ে ক্লাবের চিরপরিচিত নীল-হলুদ রঙ বেছে নেওয়া হয়। 

প্রথমে জার্সিতে ছিল একটি তির্যক হলুদ ডোরা, যা ১৯১৩ সালে পরিবর্তন করে বর্তমানের আইকনিক অনুভূমিক ডিজাইন করা হয়। এর আগে ক্লাবের জার্সির বিভিন্ন রঙের সংমিশ্রণ দেখা গিয়েছিল, যার মধ্যে ছিল সম্পূর্ণ আকাশি বা কালো ডোরা কাটা শার্টও। 

এক শতকেরও বেশি সময় ধরে বোকা জুনিয়র্স ৭৪টি অফিসিয়াল শিরোপা, ৬টি কোপা লিবার্তাদোরেস ও ৩টি আন্তঃমহাদেশীয় কাপ জিতেছে, যা তাদের বিশ্ব ফুটবলের অন্যতম সফল ক্লাবে পরিণত করেছে। 

এই ঐতিহাসিক উপলক্ষ উদযাপন করতে, আগামী রবিবার বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ম্যাচে বোকা জুনিয়র্স বিশেষ স্মারক জার্সি পরে মাঠে নামবে। অ্যাডিডাস ক্লাবের জন্য একটি নতুন কিট ডিজাইন করেছে, যা আজ (৩ এপ্রিল) ক্লাবের জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে। 

বিশেষ এই জার্সি হয়তো এক বা দুইবার আরও ব্যবহৃত হবে, তবে এটি ক্লাবের মূল বিকল্প জার্সির অংশ নয়। তবু, বোকা সমর্থকদের কাছে এটি হবে এক অমূল্য ঐতিহ্যের স্মারক, যা তাদের ক্লাবের গৌরবগাঁথাকে নতুনভাবে উদযাপনের সুযোগ দেবে।