বিশ্বকাপ কোয়ালিফায়ারে আম্পায়ারিং করবেন মুকুল-জেসি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পিএম

আগামী আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ কোয়ালিফায়ারের জন্য ১০ জন আম্পায়ার ও ৩ জন ম্যাচ রেফারির একটি প্যানেল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে ছয়টি দল বিশ্বকাপের বাকি দুই শূন্যস্থানের জন্য লড়বে। 

ঘোষিত তালিকায় বাংলাদেশ থেকেও রয়েছেন দুই আম্পায়ার—মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি। অভিজ্ঞ আম্পায়ার মাসুদুর রহমান ইতোমধ্যে আইসিসির বেশ কিছু টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে ২০২০ ও ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। 

এদিকে, সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি এবার প্রথমবারের মতো আইসিসির কোনো বড় আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলা সাথিরা আম্পায়ার হিসেবে নিজের অভিষেক টুর্নামেন্টকে দারুণ এক অভিজ্ঞতা হিসেবে দেখছেন। 

এই টুর্নামেন্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আলি নকভি, দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিটজ এবং নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন। 

আইসিসির সিনিয়র ম্যানেজার (আম্পায়ার ও রেফারি) শন ইজি বলেন, ‘এটি আমাদের নিযুক্ত ম্যাচ কর্মকর্তাদের জন্য দারুণ এক সুযোগ। বিশ্বকাপের পথে এটি শেষ ধাপ, এবং এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট পরিচালনার জন্য তারা প্রস্তুত।’ 

ম্যাচ রেফারি: 

আলি নকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)। 

আম্পায়ার: 

বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যান্ডেস লা বোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ডেডুনু ডি সিলভা (শ্রীলঙ্কা), ডোনোভান কোচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সালেমা ইমতিয়াজ (পাকিস্তান), সারাহ ডামবানেভানা (জিম্বাবুয়ে), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), শন হেইগ (নিউজিল্যান্ড)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত