মনোহরদী

জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের শাবলের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে হাতে বড় ভাই কাজল মিয়ার (৫৭) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বাদল তার বড় ভাইকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মূল আসামি গ্রেপ্তারএবং মামলার কাজ চলমান আছে।