পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ছাড়ল তারুণ্য নির্ভর নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশড হয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল পাকিস্তান। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে পাকিস্তনকে ৪৩ রানে হারিয়েছে কিউইরা। নিউজিল্যান্ডের ইতিহাসের প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন বেন সিয়ার্স। সিরিজসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে কর্তিত ৪২ ওভারের ম্যাচে ৮ উইকেটে ২৬৪ রান তোলে তারুণ্য নির্ভর নিউজিল্যান্ড। ১৩ রানে প্রথম উইকেট পতনের পর জুটি গড়েন ওপেনার রাইস মারুই (৫৮) আর হেনরি নিকোলাস (৩১)। মিডল অর্ডারে নেমে ৪০ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক ব্রেসওয়েল। কিউইদের ইনিংসে এই দুটিই পঞ্চাশোর্ধ ইনিংস। ৬২ রানে ৪ উইকেট নিয়েছেন আকিফ জাভেদ, ২টি নিয়েছেন ৫৪ রানে ২ উইকেট।

রান তাড়ায় নেমে দলীয় ৫ রানে উইকেট প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর নিয়মিত বিরতিতে তাদের উইকেট পড়েছে। একমাত্র ফিফটি এসেছে বাবর আজমের ব্যাট থেকে। আর কেউ চল্লিশের ঘরেও যেতে পারেননি। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান করেন ৩২ বলে ৩৭ রান। ৯ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে পাঁচ উইকেট নেন বেন সিয়ার্স। ৪০ ওভারে ২২১ রানে অল-আউট হয় পাকিস্তান। ম্যাচসেরা হয়েছেন ব্রেসওয়েল।