দ্রুত রান তুলতে না পারায় তিলককে রিটায়ার্ড করল মুম্বাই

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পিএম

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে গতকাল শুক্রবার চমকে দেওয়া এক সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। লক্ষ্য তাড়ার কঠিন মুহূর্তে উইকেটে থিতু হওয়া তিলক ভার্মাকে রিটায়ার্ড আউট করিয়ে ব্যাটিংয়ে পাঠানো হয় মিচেল স্যান্টনারকে।

তিলককে তুলে নেওয়ার পরও অবশ্য লাভের লাভ কিছু হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে মুম্বাই। তবে তাদের জন্য আরও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তিলকের ব্যাটিং ফর্ম। মেগা নিলামের আগে ৮ কোটি রুপিতে ধরে রাখা এই টপ অর্ডার ব্যাটার লক্ষ্ণৌর বিপক্ষে দারুণ স্লগ ওভারের সময়ও খোলস ছেড়ে বের হতে পারেননি।

জয়ের জন্য যখন ৭ বলে ২৪ রান দরকার ছিল, তখন তিলক ক্রিজে সেট হলেও মারমুখী হতে পারছিলেন না। পরিস্থিতি বুঝে তাই তাকে রিটায়ার্ড আউট করানোর সিদ্ধান্ত নেয় মুম্বাই ম্যানেজমেন্ট। তার বদলে ব্যাট হাতে নামেন মিচেল স্যান্টনার।

ম্যাচের শেষে মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে জানান, 'তিলক শেষের দিকে স্ট্রোক খেলতে পারছিল না, তাই কৌশলগত কারণেই নতুন ব্যাটার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।'

উল্লেখযোগ্য বিষয় হলো, জয়াবর্ধনেও ক্রিকেট ক্যারিয়ারে একবার রিটায়ার্ড আউট হয়েছিলেন। তবে সেটা আইপিএলে নয়, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে। ২০০১ সালে কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে টেস্টে ১৫০ রানে পৌঁছানোর পর টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে রিটায়ার্ড আউট হন তিনি। একই ম্যাচে মার্ভান আতাপাত্তুও ২০০ রানে রিটায়ার্ড আউট হয়েছিলেন।

তবে ম্যাচ শেষে এসব কৌশল কাজে আসেনি মুম্বাই ইন্ডিয়ান্সের। ভক্তদের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত