বোলার দৌড়ে আসছেন বল ডেলিভারি করতে, ব্যাটসম্যান প্রস্তুত। এমন সময় পুরো স্টেডিয়ামে নেমে এলো অন্ধকার। সেই অন্ধকারে বল চলে গেল সীমানার বাইরে! এমনই অদ্ভুতুরে ঘটনা ঘটেছে নিউজিল্যান্ড-পাকিস্তানের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে। ম্যাচটি ৪৩ রানে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড।
শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে পাকিসস্তানের ইনিংসের শেষদিকে ৩৯তম ওভারের ঘটনা। কর্তিত ৪২ ওভারের ম্যাচটি তখন নিউজিল্যান্ডের হাতের মুঠোয়। ব্যাটিংয়ে পাকিস্তানের তাইয়েব তাহির, বোলিংয়ে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। চতুর্থ বলটি করার জন্য ডাফি পপিং ক্রিজে ঢুকে লাফিয়ে বল ছোড়ার মুহূর্তে মাঠের সব ফ্লাডলাইট নিভে যায়। বলও ডাফির হাত থেকে বেরিয়ে গেছে। বিপদ বুঝে স্টাম্প ছেড়ে পিছিয়ে যান তাহির।
অন্ধকারের মাঝে উইকেটকিপার টেরই পানন, বল কোন পথ দিয়ে আসছে। তাই বল চলে যায় বাউন্ডারির বাইরে। এসময় বেশ হাস্যরসের সৃষ্টি হয়। ধারাভাষ্যকারেরাও বলতে থাকেন, ক্রিকেট মাঠে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা অনেকবার দেখলেও কখনো বোলারের হাত থেকে বল বেরিয়ে যাওয়ার মুহূর্তে তা ঘটতে দেখেননি। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে এলেও পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে অল-আউট হয়ে যায়।