কনস্টান্টিনোস কারেতসাস, নামটা হয়তো খুব একটা চেনা-জানা নয়। ১৭ বছর বয়সী এই ফুটবলার খেলেন বেলজিয়ান ক্লাব গেঙ্ক-এ। গেল মার্চে ফিফা উইন্ডোতে করেতসাস ভেঙেছেন লামিন ইয়ামালের রেকর্ড।
গেল আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে স্কটল্যান্ডের বিপক্ষে গোল করে তিনি লামিন ইয়ামালের রেকর্ড ভেঙেছেন। হয়েছেন প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা।
কারেতসাসের প্রথম বিভাগে অভিষেক ১৬ বছর বয়সে। মাত্র ১.৭১ মিটার উচ্চতার বাঁ পায়ের এই অ্যাটাকিং মিডফিল্ডার এখন পর্যন্ত হেঙ্কের হয়ে ৩১ ম্যাচে ৩ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। প্রতি ম্যাচে ৪টির বেশি সফল ড্রিবল করেন।
২০২২ সালে ফিরেছেন প্রিয় ক্লাব হেঙ্কে। ম্যানচেস্টার সিটি ও আয়াক্সের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ঘরোয়াভাবে উন্নতির পথ বেছে নিয়েছেন কারেতসাস। নিজেই বলেছেন, ‘আমি হেঙ্কে গড়ে ওঠা কেভিন ডি ব্রুইন ও থিবো কোর্তোয়ার পথ অনুসরণ করতে চাই।’
জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন পিতৃভূমি গ্রিসকে, যদিও বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন তিনি। তার আদর্শ নেইমার, রোনালদিনহো, রবিনহো। সবাই ব্রাজিলিয়ান। আর তার স্বপ্ন? ‘বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে খেলা।’