ফরচুন বরিশালের হয়ে বিপিএলের সর্বশেষ আসরের শিরোপা জিতেছেন রিশাদ হোসেন। ২২ বছর বয়সী এই লেগ স্পিনার এবার খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ইতোমধ্যেই বিসিবি থেকে ছাড়পত্র পেয়ে গেছেন। রিশাদের লক্ষ্য, বরিশালের মতো লাহোর কালান্দার্সকেও চ্যাম্পিয়ন করা।
আজ শনিবার মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিশাদ বলেন, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব। ‘এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব এখান থেকে যতটুকু পারা যায় নেওয়ার।’
এবার পিএসএলে লিটন দাস খেলবেন করাচি কিংসের হয়ে ও নাহিদ রানা পেশোয়ার জালমিতে। ১১ এপ্রিল টুর্নামেন্ট শুরুর দিনেই ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর। বিপিএল ও চ্যাম্পিয়নস ট্রফির অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রিশাদ, ‘পাকিস্তানের উইকেট দেখেছি, যতগুলো ব্যাটসম্যানের বিপক্ষে খেলেছি, ওদের সম্পর্কে ধারণা আছে; সেগুলো নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে—এসব আরকি।’