পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
নতুন এই দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ফ্র্যাঞ্চাইজির হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর মানোন্নয়ন, কোচিং পদ্ধতির আধুনিকায়ন এবং তরুণ ক্রিকেটারদের জন্য ক্যারিয়ার গড়ার পথ তৈরি করতে দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনে তার সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে লাহোর কালান্দার্সের।
১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন বুলবুল। ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। এছাড়া ২০০০ সালে ভারতের বিপক্ষে দেশের ঐতিহাসিক প্রথম টেস্টে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট প্রশাসনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন আমিনুল ইসলাম। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
নিক অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতির দায়িত্বও পালন করেছেন।