পুলিশ সদর দপ্তর

মানুষ এবার শান্তিপূর্ণভাবে ঈদের ছুটি উদযাপন করেছে

আইন প্রয়োগকারী সংস্থাগুলোর গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার ফলে গত কয়েক বছরের তুলনায় এবার দেশে শান্তিপূর্ণভাবে ঈদের ছুটি উদযাপন করেছেন জনগণ। আজ শনিবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদ উদযাপন আরামদায়ক করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমরা আন্তরিকভাবে কাজ করেছি। ছুটি শেষে মানুষ নিরাপদে কর্মস্থলে ফিরতে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

পুলিশের এই মুখপাত্র বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মীদের কঠোর পরিশ্রম, তাদের নিষ্ঠা, সময়োপযোগী ব্যবস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে যথাযথ সমন্বয়ের কারণেই এই সাফল্য এসেছে। দেশে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারণ আমাদের সংশ্লিষ্টদের সকলের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি ও যথাযথ সমন্বয় ছিল।

তিনি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ছুটির দিনগুলোতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি শহরের প্রবেশ ও প্রস্থান পথে কৌশলগত চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

এনামুল হক সাগর বলেন, এই নির্দেশিকা ঢাকায় আসা-যাওয়া যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অনেক সাহায্য করেছে। এর ফলে দেশে আগের বছরের তুলনায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনা কম ঘটেছে।

তিনি বলেন, ছুটির দিনগুলোতে বেশ কয়েকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যেখানে কিছু লোক নিহত ও আহত হয়েছেন।ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে যাত্রী ও চালকদের মধ্যে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ সদর দপ্তর ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পৃথক নির্দেশিকা জারি করে।