বাবা-মায়ের সামনে ধোনির অদ্ভুতুড়ে ব্যাটিং

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পিএম

রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর গ্যালারিজুড়ে তীব্র চিৎকার শুরু হয়ে গেল। চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুমের সামনে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। ব্যাট হতে ঘরের মাঠে খেলতে নামছেন ঘরের ছেলে। এ কারণেই দর্শকদের এত উল্লাস। কিন্তু শেষ পর্যন্ত তাদের হতাশই হতে হয়েছে। দিল্লির কাছে ২৫ রানে হেরেছে চেন্নাই। ঘরের মাঠে ১৫ বছর পর তারা দিল্লির কাছে হারল। সেই হার গ্যালারিতে বসে দেখলেন ধোনির বাবা-মা এবং পরিবারের সদস্যরা। ধোনির খেলা দেখতে গ্যালারিতে এসেছিলেন তার বাবা-মা।

চেন্নাইয়ের ধীরগতির উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৩ রান তোলে দিল্লি। রান তাড়ায় নেমে চেন্নাইয়ের শুরুটা হয় ধীরগতির। চারে নামা বিজয় শঙ্কর অপরাজিত থাকেন ৫৪ বলে ৬৯ রানে। মূলত শুরুর দিকে তার অতিরিক্ত বল খেলাই চেন্নাইকে ম্যাচ থেকে ছিটকে দেয়। রানের গতি তারা আর বাড়াতে পারেনি। এমনকী ধোনিও নন। একাদশ ওভারে ব্যাটিংয়ে নেমে ২৬ বলে ১ চার ১ ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন এই কিংবদন্তি ব্যাটার।

চলতি আইপিএলে ধোনির ৮-৯ নম্বরে ব্যাটিংয়ে নামা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আজ ৭ নম্বরে নেমে দলকে জেতানোর প্রায় অসম্ভব কাজটা করতে পারেননি, সেইসঙ্গে পারেননি ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দর্শকদের আনন্দ দিতে। ধোনি যখন নামেন তখন দলের প্রয়োজন ৫৬ বলে ১০৬ রান। অর্থাৎ ততক্ষণে চেন্নাইয়ের হাত থেকে ম্যাচ প্রায় ছিটকে গেছে। প্রয়োজন ছিল বিধ্বংসী এক ইনিংসের। তবে সেটা পারেননি ধোনি। ৫ উইকেটে ১৫৮ রানে থামে চেন্নাই।

পিটিআই বলছে, এই প্রথমবার আইপিএলে ধোনির খেলা দেখতে এসেছিলেন তার বাবা-মা। এ কারণে জল্পনাও ছড়িয়েছিল যে, ধোনি আজই সব ধরনের ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নেবেন কিনা। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ধোনির অবসরের কোনো খবর আসেনি। চলতি আসরে এই নিয়ে টানা তিন ম্যাচ হারল চেন্নাই। অন্যদিকে পর পর তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল দিল্লি ক্যাপিটালস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত