হৃদয়ের নেতৃত্বে দ্বিতীয় শুরু মোহামেডানের

বয়সভিত্তিক দলে কিছুদিন অধিনায়কত্ব করেছিলেন তাওহীদ হৃদয়, এরপর দায়িত্বটা চলে যায় আকবর আলির কাছে। তার নেতৃত্বেই যুব বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এরপর আকবর জাতীয় দলের চৌকাঠ পার করতে পারেননি, হৃদয় সাদা বলে হয়েছেন নিয়মিত। তবে কখনোই অধিনায়কের আসনে তাকে দেখা যায়নি। সুযোগটা হয়ে গেল তামিম ইকবালের অসুস্থতায়। মোহামেডানের স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকার পরও হৃদয়কেই অধিনায়ক করেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। তার নেতৃত্বেই আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে মিরপুরে মাঠে নামবে সাদা-কালোরা।

ঈদের বিরতি শেষে আজ ফের মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। নবম রাউন্ডের খেলায় প্রথম দিনেই মিরপুরের হোম অফ ক্রিকেটে হাই-ভোল্টেজ ম্যাচ। একদিকে তারকাঠাসা মোহামেডান, অন্যদিকে উঠতি তারুণ্যে আস্থা রাখা প্রাইম ব্যাংক। মোহামেডানের নেতৃত্ব পেয়ে হৃদয় সাংবাদিকদের জানিয়েছেন, মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলের অধিনায়ক হওয়াটা বাড়তি চাপ নয় বরং নতুন ভূমিকাটা উপভোগ করবেন, ‘চ্যালেঞ্জ তো সব জায়গাতেই আছে। আমি চেষ্টা করব দায়িত্বটা উপভোগ করতে। দলের জন্য কতটা অবদান রাখতে পারি, সেই চেষ্টা থাকবে। পরিস্থিতি আমাদের হাতে নেই, কিন্তু যেটুকু আমাদের নিয়ন্ত্রণে আছে, সেটার মধ্যেই সবকিছু করতে হবে।’ হৃদয়ের হাতে নেতৃত্বের ব্যাটনটা আসার অন্যতম কারণ আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমদের অনুপস্থিতি। হৃদয় বলছেন, এটা বেঞ্চে থাকাদের জন্য সুযোগ, ‘আমাদের স্কোয়াডটা বড়। যারা নিয়মিত একাদশে খেলছে না, তারাও কিন্তু যোগ্য। সবারই সুযোগ দরকার। যখনই সুযোগ আসবে, সেটাকে কাজে লাগানো জরুরি।’ বড় বাজেটের দল গড়েও পয়েন্ট টেবিলে শীর্ষে নেই মোহামেডান, হৃদয় মনে করেন নির্দিষ্ট দিনে ভালো করাটাই বেশি গুরুত্বপূর্ণ, ‘আমি কাউকে কারও সঙ্গে তুলনা করতে চাই না। সবাই নিজের জায়গা থেকে সেরা। এটা নির্দিষ্ট দিনের খেলা। যেদিন যারা ভালো করবে, সেদিন তারই জিতবে। আমরা বড় দল, কিন্তু ছোট দলের বিপক্ষেও হেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ঠিক সময়ে জ্বলে ওঠা।’

মোহামেডানের সমান ৮ ম্যাচ খেলে একটা জয় কম প্রাইমের, আছে মোহামেডানের ঠিক পরের জায়গাতেই। প্রাইম ব্যাংক এই ম্যাচেই শেষবারের মতো পাচ্ছে লেগস্পিনার রিশাদ হোসেনকে। তারপরই রিশাদ পাকিস্তান যাবেন পিএসএল খেলতে। যাওয়ার আগে মিরপুরে কি দেখা যাবে হৃদয়-রিশাদের দ্বৈরথ?