কড়া পাহারার ভেতরই পাকিস্তানে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে নিগার সুলতানা জ্যোতি ও তার দল এখন লাহোরে। সেখানেই পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমিতে শনিবার প্রথম অনুশীলন সেরেছেন ক্রিকেটাররা। আজ স্কটল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ।
পাকিস্তানে সফলভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হয়েছে কিছুদিন আগেই, যদিও স্বাগতিক পাকিস্তান হতাশ করেছে দর্শকদের। দলগুলোও ছিল নিরাপত্তার ঘেরাটোপে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বকে ঘিরেও অনেকটা একই রকম নিরাপত্তা বেষ্টনী। দলের সঙ্গে থাকা একজন কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘আমার কাছে মনে হয়েছে নিরাপত্তাব্যবস্থা খুবই ভালো, আর খেলা বা অনুশীলন না থাকলে বেশিরভাগ সময় আমরা হোটেলেই থাকছি। আজ (শনিবার) আমাদের প্রথম অনুশীলন সেশন ছিল। প্রথম প্রস্তুতি ম্যাচটা জিতে ভালো একটা স্মৃতি নিয়ে সফরটা শুরু করার আগ্রহ দেখেছি সবার মধ্যে, অনুশীলনে সবাই ছিল সচেষ্ট। মনে হচ্ছে আমরা সঠিক ছন্দেই আছি।’ স্কটল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর বাংলাদেশ আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ৮ এপ্রিল, প্রতিপক্ষ পাকিস্তানের মেয়েদের ‘এ’ দল।