পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এই গ্রীষ্মকালে এখন পর্যন্ত কোনো বিদ্যুতের ঘাটতি হয়নি। রোজাটা খুব ভালোভাবে করতে পেরেছেন। ড. ইউনূস সরকারের কাছে এটা স্বীকার করতে হবে আপনাদের। আমরা জানি, আমরা কীভাবে সরবরাহ করেছি।
গতকাল শনিবার সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাওছার, জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বিদ্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল, থিম সং পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান এবং শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে সুপ্রতীপ চাকমা বলেন, এ সময়ে বেগুনের কেজি কী ২০০ টাকা ছিল? সহনীয় পর্যায়ে ছিল। আমরা সহনীয় পর্যায়ের জন্য কাজ করে যাচ্ছি। এ সময়ে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এবার এত বেশি বাড়েনি।