প্রতিপক্ষ কোচের নাক টিপে তিন ম্যাচ নিষিদ্ধ মরিনহো

মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কোচের নাক টিপে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহো। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। তুর্কি ফুটবল ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, ফেনারবাচের পরবর্তী তিনি ম্যাচে তিনি ড্রেসিং রুমে প্রবেশ করতে ও ডাগ আউটে থাকতে পারবেন না।

গত বুধবার রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে গালাতাসারাইয়ের মুখোমুখি হয়েছিল মরিনহোর দল ফেনারবাচ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে হঠাৎ মাঠে এসে গালাতাসারাই কোচ ওকান বুরুকের পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে নাক চেপে ধরেছেন মরিনহো। যন্ত্রণায় বুরুক নাকে হাত দিয়ে মাটিতে পড়ে যান। উপস্থিত কয়েকজন মরিনহোকে শান্ত করেন।

পরে সংবাদ সম্মেলনে ঘটনার বর্ননা দিয়ে গালাতাসারাই কোচ বুরুক বলেন, ‘আমি যখন যাচ্ছিলাম সে পেছন দিক থেকে আমার নাক চিপে দেয়। একটু দাগ পড়ে গেছে। অবশ্যই এটা ভালো কিছু নয়। আমি ফুলিয়ে–ফাঁপিয়ে কিছু বলব না, তবে এটা বুক ফুলিয়ে বলার মতো কিছু নয়।’

এমন কাণ্ডের পর মরিনহোর শাস্তি না পাওয়ার কোনো কারণ ছিল না। হয়েছেও তাই। নিষেধাজ্ঞার পাশাপাশি মরিনহোকে ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা জরিমানা করা হয়েছে, যা প্রায় ৭ হাজার ৮০০ মার্কিন ডলারের সমতূল্য। তবে ফেনারবাচে ক্লাবের পক্ষ থেকে পরে পাল্টা দাবি করা হয়, মরিনহোকেই নাকি উত্যক্ত করেছিলেন গালাতাসারাই কোচ ওকান বুরুক। তুরস্কের প্রফেশনাল ফুটবল ডিসিপ্লিনারি বোর্ড এই বিষয়টি বিবেচনা করে মরিনহোর শাস্তি কমই দিয়েছে।