ডাগ আউটে হাউমাউ করে কাঁদছিলেন হার্দিক?

একসময় মুম্বাই ইন্ডিয়ান্স মানে যেন ছিল শিরোপা জয় কিংবা নক-আউটে খেলা। সেই পাঁচবারের চ্যাম্পিয়নরা গত দুই মৌসুম ধরে যেন খেলতেই ভুলে গেছে। চলতি আসরেও তারা একের পর এক ম্যাচ হেরে চলছে। গত শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ডাগ আউটে তাকে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে।

লখনউয়ের বিপক্ষে ২০৪ রান তাড়া করতে নেমে একটা সময় মনে হচ্ছিল মুম্বাই জিতবে। কিন্তু পর পর সূর্যকুমার যাদব আউট হওয়ার পর রান তোলার গতি কমে যায়। শেষ ওভারে জিততে দরকার ছিল ২২ রান। প্রথম বলে ছক্কা মারেন হার্দিক। কিন্তু পরের দুই বলে রান না আসায় ম্যাচ সেখানেই শেষ হয়ে যায়। মুম্বাই হেরে যায় ১২ রানে। ১৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন হার্দিক। হার নিশ্চিত জেনে একবার ব্যাট ছুড়ে ফেলতেও দেখা যায় তাকে।

ম্যাচের শেষে যখন দুই দলের ক্রিকেটারেরা হাত মেলাচ্ছেন, তখন দেখা যায় ডাগ আউটের দিকে একা একা দাঁড়িয়ে আছেন হার্দিক। দেখে মনে হচ্ছিল, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তিনি কাঁদছেন। হার্দিককে দেখে মুম্বাইয়ের এক সাপোর্ট স্টাফ এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু হার্দিককে সামলানো যাচ্ছিল না। গত মৌসুমের আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বাই। কিন্তু মুম্বাইয়ের সিংহভাগ সমর্থক এটা মানতে পারেননি।

আইপিএলের গত আসরে প্রচুর ব্যাঙ্গ-বিদ্রূপ হজম করতে হয়েছিল হার্দিককে। এবার অবশ্য তেমন কিছু হচ্ছে না। তবে মাঠের পারফর্মেন্সও ভালো হচ্ছে না মুম্বাইয়ের। লখনৌয়ের বিপক্ষে হারের পর সব দায় নিজের কাঁধে নিয়েছেন হার্দিক, ‘আমাদের ব্যাটিং ভালো হয়নি। দলীয় ব্যর্থতাই বলতে হবে। আমাদের নিবেদনে ঘাটতি ছিল। আমরা যেমন দল হিসেবে ম্যাচ জিতি, তেমনই দল হিসাবেই হেরে যাই। অধিনায়ক হিসাবে লখনৌ ম্যাচে ব্যর্থতার সম্পূর্ণ দায় আমি নিচ্ছি।’