লাল বলের ক্রিকেটে বাংলাদেশ সবশেষ ম্যাচটি খেলেছিল প্রায় ছয় মাস আগে ডিসেম্বরে। দুই সপ্তাহ পরই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত ৫০ ওভারের ক্রিকেট নিয়ে। কাগজে-কলমে দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হলেও সাদা বল থেকে সোজা লাল বলে খেলতে নামা নিয়ে আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না।
গতকাল মিরপুরে প্রিমিয়ার লিগের ম্যাচে ৫৫ বলে ৬৭ রানের ইনিংস দিয়ে প্রাইম ব্যাংককে হারানোয় ম্যাচসেরা হয়েছেন মিরাজ। খেলা শেষে তিনি জানালেন, টেস্ট সিরিজ শুরুর আগে ১০ দিনের একটা প্রস্তুতি ক্যাম্প হবে সিলেটে। যেখানে হতে পারে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচও। না হলে নিজেদের মধ্যে ম্যাচ খেলার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এতটুকুতেই টেস্টের প্রস্তুতি হয়ে যাবে বলে মনে করেন তিনি।
লম্বা বিরতির পর টেস্ট খেলার চ্যালেঞ্জের কথা জানিয়ে মিরাজ বলেন, ‘শিডিউল তো আগেই নির্ধারিত। ক্যালেন্ডার হুট করেই বদলানো সম্ভব না। বিপিএল, ডিপিএল আর আন্তর্জাতিক ক্রিকেটকে সামঞ্জস্য রেখে খেলতে হয়। ভবিষ্যতে বোর্ড চাইলে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের ফাঁকে ভারসাম্য আনতে পারে। এখন যারা দায়িত্বে আছেন, তারা নিশ্চয়ই বিষয়টি নিয়ে ভাববেন।’
ওয়ানডে থেকে টেস্টে মানিয়ে নেওয়া নিয়েও নিজের মত জানিয়েছেন মিরাজ। তার ভাষ্য, ‘ডিপিএল ওয়ানডে ফরম্যাটের, যা অনেকটা টেস্টের মতোই। টি-টোয়েন্টি তো আর না যে এসেই ধুন্ধুমার ব্যাট করতে হবে। তাই লাল বলে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হবে না। প্রস্তুতির জন্যও একটা সময় পাচ্ছি। হয়তো সিলেটে দুদিনের প্রস্তুতি ম্যাচ হবে। আমি জানি না ঠিক, টিম ম্যানেজমেন্ট ঠিক করবে সেটা। তবে আমি মনে করি প্রস্তুতির জন্য ১০ দিন যথেষ্ট সময়।’
জিম্বাবুয়ে সিরিজে পূর্ণ শক্তির বাংলাদেশ খেলবে? নাকি পরীক্ষা-নিরীক্ষা হবে? মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই কঠিন। বড় দল, ছোট দল এমন কিছু নেই। যারা পারফর্ম করবে, তারাই আলোচনায় আসবে। তরুণদের জন্য এটাই সুযোগ। ওয়েস্ট ইন্ডিজে আমরা টেস্ট ম্যাচ জিতেছিলাম নিয়মিত অনেক ক্রিকেটার ছাড়াই। তখন যারা সুযোগ পেয়েছিল, তারাই ম্যাচ জিতিয়েছিল। এবারও তেমন কিছু হতে পারে। তবে তরুণদের পারফর্ম করতেই হবে। সঙ্গে অভিজ্ঞদেরও প্রয়োজন আছে।’
২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজ। তার আগে ১২ তারিখ থেকে হবে প্রস্তুতি ক্যাম্প। ডিপিএল শেষের আগেই জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দেবেন সেখানে।