খুলনায় ঈদ মেলায় সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু 

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত যুবক পলাশের মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে। 

এর আগে সন্ত্রাসীরা রবিবার (৬ এপ্রিল) রাতে খুলনা শান্তিধাম মোড় জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পলাশ খুলনা সদর থানাধীন মতলেবের মোড়ের মো. আব্দুল হামিদ খানের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, রবিবার রাত ১০ টার দিকে গুরুতর আহত অবস্থায় যুবক পলাশকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার অবস্থা খারাপ হওয়ায় রাতে ওই যুবকের পেটে অপারেশন করা হয়। কিন্তু সন্ত্রাসীদের আঘাতের পরিমাণ এতটা খারাপ ছিল যে তাকে অপারেশন করেও বাঁচানো সম্ভব হয়নি। আজ সোমবার সকালে সোয়া ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী হামলায় আহত যুবক পলাশের মৃত্যু হয়েছে সকাল সোয়া ৮ টার দিকে। সন্ত্রাসী গ্রেপ্তারে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনও পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মৃত ওই যুবকের আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর পরিবারের নিকট তার মরদেহ হস্তান্তর করা হবে।

রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর শান্তিধাম মোড় জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ায় পলাশ। বিরোধের একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে পলাশকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে।