‘তোমরা আমাদের হৃদয়ে আছো’, গাজাবাসীদের জামাল ভূইয়া

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৭০০ জনে।

গাজায় একের পর এক আবাসিক ভবন ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বোমা বর্ষণ চালিয়েছে দখলদার বাহিনী। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন অনেক নিরীহ মানুষ, যারা প্রাণ বাঁচাতে আকুতি জানাচ্ছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য খাতও এখন প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। চিকিৎসক, রোগী কেউই আর নিরাপদ নন। হামলায় হতাহত হয়েছেন অনেক চিকিৎসকও। এ মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বিশ্বজুড়ে আজ (সোমবার) কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশেও এই আহ্বানে সাড়া দিয়ে অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। ক্রীড়াঙ্গনের তারকারাও গাজাবাসীর পাশে দাঁড়িয়েছেন। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়াও প্রকাশ করেছেন তার সমর্থন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিন ফুটবল দলের বিপক্ষে খেলার একটি মুহূর্তের ছবি পোস্ট করে জামাল লিখেছেন, ‘সবসময়ই তোমরা আমাদের মনে ও হৃদয়ে আছো। ভালো সময়ের জন্য দোয়া করছি।’

যখন গাজার মাটিতে রক্তের স্রোত বইছে, তখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকেও উঠে আসছে মানবতার পক্ষে একান্ত সমর্থনের কণ্ঠ।