১৩০ রানের লক্ষ্যের ম্যাচে ১০৩ করে রূপগঞ্জকে জেতালেন তামিম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে দশ উইকেটের জয়ের হ্যাটট্রিক করল লিজেন্ডস অব রূপগঞ্জ। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেখ মেহেদী ও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের পর তানজিদ হাসানের সেঞ্চুরিতে অনায়াস জয় পেয়েছে দলটি।

বিকেএসপিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাকফুটে ছিল পারটেক্স। ইনিংসের তৃতীয় ওভারেই চোটে মাঠ ছাড়েন ওপেনার জসিম উদ্দিন। দশম ওভারে জয়রাজ শেখকে ফিরিয়ে রূপগঞ্জের প্রথম সাফল্য এনে দেন রেজাউর রহমান রাজা। এরপর একে একে মেহেদী ও শরিফুলের তোপে গুঁড়িয়ে যায় পারটেক্সের ব্যাটিং লাইনআপ।

রুবেল মিয়া কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে হাফ সেঞ্চুরি স্পর্শ করার আগেই মেহেদীর লেগ বিফোরের শিকার হন তিনি। একপ্রান্ত ধরে রাখা ব্যাটাররা উইকেটে টিকতে না পারায় ৩৪.৪ ওভারে ১২৯ রানেই গুটিয়ে যায় পারটেক্স।

সহজ লক্ষ্যে খেলতে নেমে তানজিদ হাসান একক দাপটে ম্যাচ শেষ করে দেন। ৫৯ বলে সাত ছক্কা ও দশ চার মেরে ১০৩ রানে অপরাজিত থাকেন এই তরুণ ওপেনার। সঙ্গী সাইফ হাসান করেন ৫৩ বলে ২৬ রান। ১৮.৩ ওভারেই ১৩০ রানের লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

এই জয়ের ফলে ৯ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত