বাংলাদেশের বোলিং কোচের প্রস্তাব পেয়ে 'রোমাঞ্চিত' উমর গুল

জাতীয় দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও, তার মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায়ঘণ্টা বেজে যেতে পারে। আগামী মে মাসে পাকিস্তান সফরের পরই টাইগারদের ডাগআউটে দেখা যেতে পারে নতুন মুখ। সম্ভাব্য নাম—উমর গুল।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পেস বোলিং কোচ বদলের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান থেকে উমর গুলের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নাহিদ রানাদের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সাবেক এই পাকিস্তানি ফাস্ট বোলারকে। সেই ক্ষেত্রে চুক্তির মেয়াদ হবে ৩০ মাসের। তবে ৩ মাসের একটি সংক্ষিপ্ত চুক্তিও হতে পারে। প্রস্তাবে নীতিগত সম্মতিও দিয়েছেন গুল। এখন চূড়ান্ত চুক্তির আগে বিসিবির কাছ থেকে শর্তাবলী জানতে চেয়েছেন তিনি।

আন্দ্রে অ্যাডামসের কাজ নিয়ে সন্তুষ্ট নয় বিসিবি। তাই দীর্ঘমেয়াদে গুলকে দায়িত্ব দিতে চায় বোর্ড। পুরো প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে। পাশাপাশি জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের মতামতও নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সিমন্স জানান, ‘ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।’

গুল এই চুক্তির ব্যাপারে নিশ্চিত হয়ে টেলিকম এশিয়া স্পোর্টসকে বলেন, ‘আমি এই প্রস্তাব নিয়ে রোমাঞ্চিত। অবশ্যই এর জন্য অপেক্ষায় আছি।’ 

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলের প্রতি প্রধান কোচেরও রয়েছে আলাদা পছন্দ। খেলা ছাড়ার পর কোচিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন গুল। ২০২২ সালে আফগানিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালনের পর ২০২৩ সালে পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ হন তিনি। বর্তমানে পাকিস্তান ‘এ’ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৪২ বছর বয়সী সাবেক এই গতি তারকা।

৪৭টি টেস্ট, ১৩০ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলা উমর গুলের সমৃদ্ধ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি। তার পাশাপাশি সাবেক দুই কোচ অটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের নামও আলোচনায় ছিল। তবে গিবসন সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। অন্যদিকে ডোনাল্ডও পরিবার নিয়ে নিজ দেশে স্থায়ীভাবে থাকতে আগ্রহী।

সব ঠিকঠাক থাকলে, পাকিস্তান সফর থেকেই নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন উমর গুল।