আইপিএলে 'নিষিদ্ধ' হ্যারি ব্রুক পেলেন ইংল্যান্ডের নেতৃত্ব

গত একটি বছর ইংল্যান্ডের সাদা বলের দলের সহঅধিনায়কত্ব করেছেন হ্যারি ব্রুক। চ্যাম্পিয়নস ট্রফিতে শোচনীয় পারফরম্যান্সের পর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার কারণে জস বাটলার ছেড়ে দিয়েছিলেন নেতৃত্ব। তার শূন্যস্থান পূরণে ২৬ বছর বয়সী ব্রুককেই বেঁছে নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এখন থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তিনি।

সহ অধিনায়ক থাকাকালে বাটলারের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ব্রুক। আসছে মে মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে নতুন অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে তার।

প্রতিক্রিয়ায় ব্রুক বলেন, ‘হোয়ারফেডালের বারলিতে একজন শিশু হিসেবে যখন ক্রিকেট খেলতে শুরু করি তখন থেকেই স্বপ্ন ছিল ইয়র্কশায়ারের হয়ে খেলবো, ইংল্যান্ডের হয়ে খেলবো। আর হয়তো একদিন দেশকে নেতৃত্ব দেবো। এখন এই সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় কিছু। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক মনোনীত হওয়া আমার জন্য সত্যিকারের সম্মানের।’

এর আগে ২০১৮ সালের বিশ্বকাপে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন ব্রুক। দ্যা হানড্রেডে নর্দান সুপারচার্জারসকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২২ সালে অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে ২৬টি ওয়ানডে খেলে ৩৪ গড়ে ৮১৬ রান করেছেন ব্রুক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৪৪টি। ছিলেন ২০২২ বিশ্বকাপজয়ী টি-টোয়েন্টি দলেও।