নরসিংদীর শিবপুরে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কুমরাদী এলাকায় জনৈক বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধগলিত মরদেহ বের হয়ে আসে। এ সময় বিষয়টি ভেকুচালক শামীম শেখ আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে দুপুরে অজ্ঞাতনামা নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় শিবপুর মডেল থানার পুলিশ।
পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হান্নান বলেন, সকালে জানতে পারি, পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একজনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিই।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে লাশটি পচে যাওয়ায় বলা যাচ্ছে না এটা মহিলা না পুরুষ। ধারণা করা হচ্ছে এটি মহিলার লাশ। পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।