রিয়াল ভোগাবে তবে আমরাও সেটা পারি : আর্তেতা

চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের ইতিহাস খুব একটা ভালো নয়। টুর্নামেন্টটিতে কেবল একবার করে ফাইনাল ও সেমি-ফাইনালে খেলতে পারে তারা। ২০০৫-০৬ মৌসুমে ফাইনাল এবং সবশেষ ২০০৮-০৯ মৌসুমে সেমিতে খেলে গানার্সরা।

এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল স্প্যানিশ এই ক্লাবটি। রেডর্ক ১৫বার জিতেছে শিরোপা।

আগামীকাল মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে মুখোমুখি হবে আর্সেনাল-রিয়াল মাদ্রিদ। তার আগে সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলছেন, নতুন করে ইতিহাস গড়তে চান। 'তারা এমন একটা ক্লাব (রিয়াল মাদ্রিদ), যারা বিশ্ব ফুটবলে নতুন মান স্থাপন করেছে। এখানে আমরাও যেতে চাই, থাকতে চাই। এটা তাদের ইতিহাসের অংশ। আমাদের নিজেদের ইতিহাস নিজেদেরই লেখতে হবে। নিজেদের কাজে মনোযোগ দিতে হবে। তারা আমাদের ভোগাতে পারে, তবে আমরাও সেটা পারি।'

প্রথম লেগ আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে। তাই আর্তেতার আশা সমর্থকরা বিশেষ পরিবেশ তৈরী করবেন মাঠে। তাতে উজ্জীবিত হয়ে মাঠে ভালো করবে দল।

আর্তেতা বলেন, '১১ খেলোয়াড় এবং ৬০ হাজার মানুষকে (দর্শক) এ বিশ্বাস রাখতে হবে, আমরা তাদের হারাব। আমি এমন মানসিকতাই চাই সবার থেকে। এ পর্যায়ে ঘরের মাঠে বিশেষ পরিবেশ থাকা দরকার। সবাইকে বলছি, শুধু ম্যাচ দেখতে না এসে আমাদের সঙ্গেই (মাঠেই) খেলুন।' সান্তিয়াগো বার্নব্যুতে আগামী ১৬ এপ্রিল দুই দলের ফিরতি লেগ হবে।

২০০৫-০৬ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে দেখা হয়েছিল আর্সেনাল-রিয়ালের। সেবার প্রথম লেগে রিয়ালের মাঠে ০-১ গোলে জয় পেয়েছিল আর্সেনাল। সেই ম্যাচে গোল করেছিলেন থিয়েরি অঁরি। দ্বিতীয় লেগে স্বাগতিক আর্সেনাল ও রিয়ালের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।