মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এখন বাংলাদেশের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১০:২০ পিএম

শান্ত-মিরাজদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ফিল্ডিং বিশেষজ্ঞ জেমস প্যামেন্ট। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন নতুন ফিল্ডিং কোচ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

৫৬ বছর বয়সী প্যামেন্টের জন্ম ইংল্যান্ডে হলেও বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। পেশাদার ক্রিকেটও খেলেছেন সেখানেই। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক অকল্যান্ডের হয়ে। ১৪টি প্রথম শ্রেণি ও ৩৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ক্যারিয়ারে। নিয়োগের বিষয়ে প্যামেন্ট বলেন, ‘বাংলাদেশের মতো একটি দারুণ প্রতিভাবান দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি খুব উচ্ছ্বসিত। জিম্বাবুয়ে সিরিজের আগে দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।’

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দেওয়ার আগে আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে তার মূল দায়িত্ব ছিল ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করা। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। এ মৌসুমে তার জায়গায় কার্ল হপকিনসনকে নিয়োগ দেয় মুম্বাই।  এর আগে নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে পাঁচ বছর কাজ করেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)-এর হাই পারফরম্যান্স কোচ হিসেবে তিনি নিউজিল্যান্ড জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তিনি নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। এছাড়া ২০১৯-২০ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত