ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স, মিশর ও জর্ডান। একইসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, সৌদি আরবের সঙ্গে যৌথভাবে তারা দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে।
গাজা সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল সোমবার মিশরের কায়রোতে আল-ইত্তেহাদিয়া প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ।
বৈঠকে গাজায় যুদ্ধ থামানো, আঞ্চলিক উত্তেজনা কমানো, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং জিম্মিদের মুক্তির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এরপর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ না করার আহ্বান জানান। তিনি জানান, দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়নের লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিচ্ছে ফ্রান্স।
এদিকে মিশরের প্রেসিডেন্ট সিসি বলেন, গাজা ইস্যুতে কায়রো ও প্যারিসের অবস্থান অভিন্ন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন খাতে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি।