জুলাই- আগষ্টে গণঅভ্যূত্থানের সময় গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে এবং তা নেদারল্যান্ডেস’র হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানো হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, আইসিসি যদি কোনো কারিগরি সহায়তা দেয় তবে, তা গ্রহণ করা হবে। মঙ্গলবার (৮ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ‘আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট (কারিগরি সহায়তা) দেয়, এইখানে বিচার হবে তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। যেমনটি আমরা জাতিসংঘের কাছে সহযোগিতা চেয়েছিলাম। তারা (জাতিসংঘ) আমাদের প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটরদের বিভিন্ন ট্রেইনিং দিয়ে সাহায্য করেছেন। যে তদন্ত তারা করেছেন সেই রিপোর্ট আমাদেরকে দিয়েছেন।’
তিনি বলেন, ‘সেই ধরনের সহযোগিতা যদি আইসিসি থেকে আসে, আমরা সেটা গ্রহণ করব। কিন্তু মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে প্রেরণ করা হবে না, এটাই এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত।’