জামিনে কারামুক্ত সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ মারধর করেছে ছাত্র-জনতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক ডা. আব্দুল আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তুলার চেষ্টা করছেন এবং তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এমপি ডা. আব্দুল আজিজ ছাড়া পেয়েছেন— এমন খবর পাওয়ার সাথে সাথে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকেন। এরপর আব্দুল আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সাবেক এমপি ডা. আব্দুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পর ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানাতে আমাদের কাছে আছেন।
সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।