মার্তিনেজের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় পিএসজির ফরাসিরা

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলকিপার এমি মার্তিনেজ। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে গোলপোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। সেই পরাজয়ের যন্ত্রণা আজও ভুলতে পারেনি ফরাসিরা। তাই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে আর্জেন্টাইন গোলকিপারের ওপর প্রতিশোধ নিতে চান দেজিরে দুয়ে।

আগামী বুধবার পিএসজির মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলতে যাবে মার্তিনেজের দল অ্যাস্টন ভিলা। পিএসজির সেমি-ফাইনালে যাওয়ার পথে মূল বাধা হতে পারেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। তবে মার্তিনেজকে সামনে পেলে ফরাসিরা জ্বলে উঠবে বলে মনে করেন দুয়ে। কারণ, ২০২২ কাতার বিশ্বকাপের সেই প্রতিশোধের স্পৃহা আছে সবার মাঝেই।

পিএসজি ফরোয়ার্ড দুয়ে বলেন, ‘সে বাকি দশ জনের মতোই একজন গোলকিপার। তবে অবশ্যই সে আর্জেন্টিনার। তাই আমাদের ফরাসি খেলোয়াড়দের মাঝে প্রতিশোধের মনোভাব জাগতে পারে। তার বিপক্ষে আমি এখনও খেলিনি। আমাদের লক্ষ‍্য যত বেশি সম্ভব গোল করা।’