মধুতে চিনি দেয়ায় চাষিকে অর্ধলাখ টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে চিনি দিয়ে মধু তৈরি করার অপরাধে এক অসাধু মধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল (মঙ্গলবার, ৮ এপ্রিল) দুপুর ৩ টায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সরদার বাড়ি এলাকায় মোস্তফা মল্লিকের মৌ খামারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত অভিযান চালিয়ে মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি সময় মোস্তফা মল্লিক হাতেনাতে আটক করে। 

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল দেয়া হয়। পরবর্তীতে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করে অসাধু মধু ব্যবসায়ী মোস্তফা মল্লিক।

শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি করা হচ্ছে। এ কারণেই আমরা মোস্তফা মল্লিকের মধুর খামার থেকে তাকে হাতেনাতে ধরে ফেলি। পরবর্তীতে যদি এ ধরনের কাজ কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধভাবে চিনি ব্যবহার করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিলেন মৌচাষি গোলাম মোস্তফা। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।