সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমির মাটি কেটে নেওয়ার দায়ে এম এম ব্রিকস নামে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশের সদস্যরা ।

জানা যায়, মানিকদহ এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে এম এম ব্রিকসে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী ইটভাটাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে জমির উৎপাদনক্ষমতা কমে যায়। এতে কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত