আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে তত্ত্বীয় পরীক্ষা।
চলতি বছরে সারাদেশে মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সরকার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জাতীয় পর্যায়ে গঠিত মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখাসহ নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান, আর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। মোট পরীক্ষাকেন্দ্র ৭২৫টি এবং প্রতিষ্ঠান সংখ্যা ৯ হাজার ৬৩টি।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
সারাদেশজুড়ে শুরু হওয়া এই বড় পরিসরের পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে বাড়তি সতর্কতা ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।