মানিকগঞ্জে এক মক্তবে পড়তে আসা ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকায়। তবে, অভিযুক্ত মুয়াজ্জিনের বিরুদ্ধে মামলা করতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযুক্ত আবুল বাশার ভূঁইয়া (৩৬) বান্দুটিয়া এলাকার আলপনা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। সকালে মক্তবে পড়তে আসা শিশুটিকে মসজিদের ভেতরেই ধর্ষণের চেষ্টা করেন তিনি। পরে শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে ঘটনাটি জানালে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, ঘটনার পর দুপুরের দিকে লাভলু মিয়া ও ইসহাক নামের দুই ব্যক্তি ভুক্তভোগী পরিবারকে মামলা করতে বাধা দেন এবং চাপ প্রয়োগ করে মীমাংসার প্রস্তাব দেন। এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য করা হয়।
ঘটনাস্থলে পরিদর্শন করে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মীমাংসার চেষ্টার অভিযোগে জড়িত ইসহাক হোসেন ঘটনা অস্বীকার করে বলেন, ‘আমাকে হেও প্রতিপন্ন করার জন্য একটি মহল এমন রটনা রটাচ্ছে। এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমি সেখানে যাইনি।’
মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে ভুক্তভোগী পরিবারের কাউকে পাওয়া যায়নি। আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। ভুক্তভোগী পরিবার আইনি সহযোগিতা চাইলে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা
৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রী গ্রেপ্তার