আর্জেন্টিনার পতাকার রঙে চুল রাঙিয়ে মাঠে নেমেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে তাকে ঠেকাতে পিএসজি যে পরিকল্পনা করেছিল, সেটাকে জয় করতে পারলেন না। কাতার বিশ্বকাপ ফাইনালের মতো তিনি পারেননি বাজপাখি হয়ে উঠতে। তাই তিনটি গোল হজম করতে হলো। পিএসজির মাঠে অ্যাস্টন ভিলা হারল ৩-১ গোলে।
বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচটির শুরু থেকেই অবশ্য বলের নিয়ন্ত্রণে পিএসজির একচ্ছত্র আধিপত্য ছিল। গোলপোস্টে একের পর এক আক্রমণ ঠেকাচ্ছিলেন মার্তিনেজ। এ কারণেই গোল পাচ্ছিল না পিএসজি। উল্টো ৩৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে এগিয়ে যায় ভিলা। ইউরি তিলেমানাসের আড়াআড়ি ক্রস থেকে বল জালে পাঠান মরগ্যান রজার্স।
তবে ভিলার এই আনন্দে বেশিক্ষণ টেকেনি। ৩৯ মিনিটে দেজিরে দুয়ে ম্যাচে সমতা ফেরান। এরপরের সময়টুকু শুধুই পিএসজির। বিরতির পর ৪৯ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন খভিচা কাভারাটস্খেলিয়া। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও পরাস্ত হন মার্তিনেজ। সতীর্থের থ্রু পাস ধরে এক ডিফেন্ডার ও গোলকিপারকে বোকা বানিয়ে নিখুঁত শটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন নুনো মেন্ডেস।