চাঁদপুরে হলুদের গুঁড়া ও মিষ্টি তৈরিতে ভেজাল দ্রব্য মেশানোর সত্যতা প্রমাণিত হওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুরান বাজারে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, শহরের পুরান বাজার অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে রং, আটা ও ভুট্টার গুঁড়া মিশিয়ে বিক্রি করায় জীবন দেকে ৫০ হাজার টাকা এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে এবং নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আদি যুগল মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।