নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। আরিফ শাহ রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড তেজগাঁও কমিটির সদস্য।
ঘটনার বিবরণে আরিফ শাহ রনি বলেন, তিনি ঈদে বাড়িতে এসেছেন। আজই তার ঢাকা যাওয়ার কথা। এমতাবস্থায় আজ সকালে বাড়ির সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুটির সঙ্গে ঝুলানো অবস্থায় আমার মা একটি পলিথিন ব্যাগ দেখতে পান। তিনি আমাকে ডেকে ব্যাগটি দেখালে তাতে দেখা যায় ৫টি পেপসি কোলার কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে দেওয়া।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিক আশপাশের লোকজনকে ডেকে দেখাই। এরপর ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি আশঙ্কা করছি আমাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে। ধারণা করছি স্থানীয় আওয়ামী লীগের দোসররা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে আমি তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
রনির মা আফরোজা বেগম দেশ রূপান্তরকে বলেন, সকালে গেট খোলার সময় প্রথম ওই ব্যাগটি দেখতে পাই। কী আছে জানতাম না, তাই ছেলেকে ডেকে দেখাই। পরে বুঝি এগুলো বিপজ্জনক কিছু হতে পারে।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগের লোকজন যারা অতীতে আগুন সন্ত্রাসসহ নানান অপকর্ম করেছে, তারাই এখন রনিকে টার্গেট করে এমন ঘটনা ঘটিয়েছে। তারা সৈয়দপুরের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে চায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রনির বাড়ি থেকে আমরা একটি লাল-সাদা পলিথিনের ৫টি পেট্রোল বোমা উদ্ধার করি। তবে কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি।