এসএসসিতে অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম

প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের নীল বনিয়াতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা। 

অভিভাবকরা জানান, বৃহস্পতিবার সকালে প্রবেশপত্র দেওয়ার কথা ছিল ওই শিক্ষার্থীদের। তারা বিদ্যালয়ে এসে দেখে গেটে তালা ঝোলানো, তখন কান্নায় ভেঙে পড়ে তারা। ফলে এসএসসি পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ এখনও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একাডেমিক স্বীকৃতি পায়নি। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রুমখা পালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু ওই বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় তাদের অকৃতকার্য ঘোষণা করা হয়। তারা এসএসসি পরীক্ষার ফরমও পূরণ করেনি। পরে তারা প্রধান শিক্ষক ও অন্য এক দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়েছে। শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি আগেভাগে জানানো হলে সমাধান করা যেত বলেও জানান শিক্ষা কর্মকর্তা।   

তারপরও উদ্ভেদ পরিস্থিতিতে ভূক্তভোগী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের যাতে ক্ষতি না হয় এ ব্যাপারে কি ধরণের ব্যবস্থা নেওয়া যায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত