ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের কোনো প্রভাব পড়েনি দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকেই বন্দরটি দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাংলাবন্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ।
অন্যদিনের মতই বৃহস্পতিবার নেপাল ও ভুটান থেকে এসেছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পণ্য। এছাড়াও ৪৩ টি পণ্যবাহী ট্রাকে এক হাজার ২৪০ টন পণ্য আমদানি হয়। বাংলাদেশ থেকে পাটের কাঁচামাল, আলু, টিস্যু পেপারসহ অন্যান্য পণ্যের ২২টি ট্রাকে ৪৮৩ টন পণ্য নেপালে রপ্তানি হয়েছে।
স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারত ও ভুটান থেকে পাথর আমদানি করা হয় স্থলবন্দর দিয়ে। বর্তমানে অন্য পণ্যের সাথে নেপালে নিয়মিত আলু রপ্তানি করা হচ্ছে। বুধবারও ৩১৫ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়। গত দুই মাসে হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্রসেস এগ্রো নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করা হয়েছে। এই স্থলবন্দর দিয়ে কয়েক দফায় তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করে।
উদ্ভিদ সঙ্গনিরোধ পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন, রপ্তানিকারক চারটি প্রতিষ্ঠান রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়। সর্বশেষ বৃহস্পতিবার বাংলাদেশ থেকে নেপালে আলু রপ্তানি হয়েছে।
সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি সাখাওয়াত হোসেন বলেন, আমাদের স্থলবন্দরে আপাতত আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোন নির্দেশনা আসেনি। আজকেও আমাদের এই বন্দর দিয়ে বিভিন্ন প্রকার পণ্য ভারত ও নেপালের সাথে আমদানি রপ্তানি হয়েছে। অন্য দিনের মত বৃহস্পতিবারও আমরা কাজ করেছি।
ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আজকে পর্যন্ত বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। এ পর্যন্ত ৪৯টি ট্রাক আমদানি হয়েছে এবং ২৪টি পণ্যবাহী ট্রাক রপ্তানি হয়েছে। এরমধ্যে দুই ট্রাক পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে এবং ২২টি ট্রাকে রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য নেপালে রপ্তানি হওয়ার জন্য পিস্তল বন্দর বর্ডার ক্রস করেছি।
সাম্প্রতিক ভারতের কিছু নীতিমালা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আমাদের এই স্থল বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিকভাবেই হচ্ছে। আমদানি রপ্তানি কারকসহ সকল ব্যবসায়ীদের জানতে চাই আমাদের এখানে কোন সমস্যা নেই স্বাভাবিকভাবেই সকল পণ্য আমদানি রপ্তানি হচ্ছে।।