লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডব, ঘরবাড়ি-দোকানপাট লণ্ডভণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে; উপড়ে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে শুরু হওয়া ঝড়টি কয়েক মিনিট স্থায়ী হলেও তীব্র বাতাস ও বৃষ্টিপাতে পাটগ্রাম পৌর শহরের কলেজ মোড়সহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দা আকাব্বর আলী বলেন, ‘সকালে হঠাৎ ঝড় শুরু হলে আমার ঘর উল্টে যায়। পরিবারের সবাই কোনরকমে প্রাণে বেঁচেছি। আমি একজন দিনমজুর, ঘরবাড়ি ভেঙে যাওয়ায় কী করব বুঝতে পারছি না।’

কলেজ মোড় এলাকার সাদ্দাম, রাসেল ও রবিউল জানান, ঝড়ে তাদের ১২-১৩টি দোকানের টিনের চাল ও বেড়া উড়ে গেছে। এতে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন।

পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত প্রয়োজনীয় সহায়তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইকুল আরিফিন বলেন, ‘ঝড়ে ভুট্টা ও সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণে উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

বেশ কয়েকটি গ্রামে এখনও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।