ফেনীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফেনীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বসুরহাট সড়কের শরীফপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক ও উপজেলার দক্ষিণ চানপুর গ্রামের সেলিমের ছেলে নজরুল ইসলাম (৩০) এবং অপরজন অটোরিকশার যাত্রী দুধমুখা এলাকার সফিকের ছেলে রাজিব (৩০)।

জানা যায়, বসুরহাট রোডের শরীফপুরে মালবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক নজরুল ইসলাম (৩০)। এ ঘটনায় গুরুতর আহত রাজীবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’